উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পেটে ইয়াবা বহনের সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি) সদস্যরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত যুবক কুষ্টিয়ার বারুইপাড়া গৌড়দহ গ্রামের মো. আশিক মন্ডল (২৪)। তার কাছ থেকে লাল টেপে মোড়ানো ৬৫টি প্যাকেটে মোট ৩,২২৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি লাল রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এসময় মোটরসাইকেলযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে উখিয়ার “তাজমান ডায়াগনস্টিক সেন্টারে” এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবার অস্তিত্ব ধরা পড়ে।চিকিৎসকের পরামর্শে ঔষধ খাওয়ানোর মাধ্যমে তার শরীর থেকে বের হয় ইয়াবা ভর্তি ৬৫টি পোঁটলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশিক মন্ডল স্বীকার করেছে, ইয়াবাগুলো পালংখালী থেকে সংগ্রহ করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন আরও বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এ ধরনের অভিযান চলমান থাকবে।”উদ্ধারকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আটক যুবককে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















