বাগেরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মৃদুল সরকার (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর টানা ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১১ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মৃদুল সরকার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের মিল্টন সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকাল প্রায় ১০টার দিকে মৃদুল সরকার মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ফকিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মোল্লাহাটগামী একটি লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















