নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেলস্টেশনে ৩ বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা খাতুন (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা খাতুন সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী সীমান্ত এক্সপ্রেস দর্শনা হল্ট ট্রেন স্টেশনে পৌঁছায়। এ সময় ওই নারী তিন বছরের শিশু কন্যা লামিয়া ইসলাম আয়াতকে ষ্টেশনের প্ল্যাটফর্মে রেখে আকস্মিকভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতেই ক্লিনিক থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে তার স্ত্রী নিলুফা খাতুন শিশু সন্তান লামিয়া ইসলাম আয়াতকে সঙ্গে নিয়ে একই উপজেলার উকতো গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি এ দূর্ঘটনার বিষয়টি। তিনি আরো জানান, কয়েক মাস ধরে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। দর্শনা হল্ট রেলওয়ে জিআরপি ফাড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অক্ষত শিশুটি রাতেই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ বলেও জানান তিনি ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















